খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 8শে ভাদ্র ১৪৩২ | ২৩ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
কুমিল্লা নগরের অশোকতলা বিসিক শিল্পনগরীতে চাঁদাবাজির অভিযোগে হাত–পা বেঁধে পিটিয়ে মোহাম্মদ সায়েম (২৪) নামের এক যুবককে আহত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার দুপুরে হাসপাতালের মর্গের সামনে ছেলের মরদেহের জন্য অপেক্ষা করছিলেন বাবা আমিনুল ইসলাম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,“আমার পোলায় যদি অন্যায় করত, তারে জেলে দিত। দরকার হইলে একটা হাত ভাইঙা দিত। কিন্তু আমার পোলারে খুন করার অধিকার তারারে কে দিছে?”
রিকশাচালক আমিনুলের বাড়ি রংপুরের কাউনিয়ায়। স্ত্রী মারা যাওয়ার পর ছোট মেয়ে আফসানা (১১) আর ছেলে সায়েমকে নিয়ে কুমিল্লায় সংসার চালাচ্ছিলেন তিনি।
পুলিশ জানায়, নিহত সায়েম স্থানীয়ভাবে চাঁদাবাজি ও ছিনতাই করতেন। তার বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে। তবে বাবার দাবি, ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
ঘটনার পরপরই আমিনুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। সেখানে ৪৫–৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন,“আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। যাঁরা ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের আইনের আওতায় আনা হবে।”
এদিকে বিসিক শিল্পনগরীর জান্নাতুল ফুড প্রোডাক্টস নামের কারখানার মালিক সাইফুল ইসলাম দাবি করেন, সায়েম দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করছিলেন। ঘটনার দিন ছুরি নিয়ে আক্রমণ করলে কারিগররা আত্মরক্ষায় ঘেরাও করে মারধর করেন। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়।
ঘটনার পর কারখানাটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। ভেতরে রক্তের দাগ দেখা যায়, ভাঙা সিসিটিভি ক্যামেরা পড়ে থাকে মাটিতে।
খবরওয়ালা/আশ