ইনজুরিতে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। দীর্ঘদিনের চোট-ভাগ্য এবার আবারও যেন ফিরে এলো। অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নেমে খেলার মাত্র ৩০ মিনিটের মাথায় হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিলিয়ান তারকা। মাঠ ছাড়ার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

ম্যাচের ৩৪ মিনিটে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়িয়ে নেওয়া হয়। তখন তার দল সান্তোস ২-০ গোলে এগিয়ে ছিল। ধারণা করা হচ্ছে, বাঁ ঊরুতে হ্যামস্ট্রিংয়ের পুরনো চোটই আবার ভোগাচ্ছে তাকে।

চোট কাটিয়ে দীর্ঘদিন পর এদিন প্রথম একাদশে ফিরেছিলেন নেইমার। তার জন্য এই ম্যাচটি ছিল আরও বিশেষ, ভিলা বেলমিরোতে সান্তোসের জার্সিতে এটি ছিল তার শততম ম্যাচ। মাঠে নামেন ‘১০০’ লেখা বিশেষ জার্সি পরে। তবে সেই রূপকথার প্রত্যাবর্তন মাত্র ৩০ মিনিটেই রূপ নেয় হতাশায়।

গত মার্চেও একই কারণে জাতীয় দল এবং সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলতে পারেননি নেইমার। তার আগেও ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়েন তিনি। এরপর সৌদি ক্লাব আল হিলালের হয়ে খেলেন কিছু ম্যাচ, কিন্তু নভেম্বরেই ফের ছিটকে পড়েন মাঠের বাইরে। চোটের কারণে গত ১৮ মাসে আল হিলালের হয়ে খেলতে পেরেছেন মাত্র ৭টি ম্যাচ।

চলতি বছরের জানুয়ারিতে ফ্রি এজেন্ট হিসেবে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। তবে ক্লাব বদলালেও ভাগ্য বদলায়নি। চোট যেন এখন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ। তবে সান্তোস ক্লাব নেইমারের পাশে রয়েছে। ক্লাবটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখা হয়েছে, ‘প্রিন্স! পুরো সান্তোস তোমার সঙ্গেই আছে।’

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।