ইসরায়েলি প্রতিষ্ঠানকে বয়কটের সিদ্ধান্ত বিশ্বের ১৮০০ শিল্পীর

গাজায় দখলদার ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে এবার অবস্থান নিয়েছেন বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্বরা। গত সোমবার প্রকাশিত এক অঙ্গীকারপত্রে ১,৮০০-এর বেশি অস্কারজয়ী অভিনেতা–অভিনেত্রী থেকে শুরু করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক ও প্রযোজকরা স্বাক্ষর করেন।

অঙ্গীকারপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এমা স্টোন, মার্ক রাফালো, অলিভিয়া কোলম্যান, জাভিয়ার বারদেম, টিল্ডা সুইন্টন, রিজ আহমেদ, সিন্থিয়া নিকসন, গায়েল গার্সিয়া বার্নেলসহ বহু তারকা। নির্মাতাদের তালিকায় আছেন কিংবদন্তি কেন লোচ, ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, মাইক লেই এবং জোশুয়া ওপেনহাইমার।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা প্রতিজ্ঞা করছি, আমাদের কোনো চলচ্চিত্র প্রদর্শন করব না কিংবা এমন কোনো উৎসব, সিনেমা হল, সম্প্রচার সংস্থা বা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হব না—যেগুলো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও বর্ণবাদের সঙ্গে জড়িত।’

তবে এতে স্পষ্ট করে বলা হয়েছে, এ সিদ্ধান্ত ইসরায়েলি ব্যক্তিদের বিরুদ্ধে নয়; বরং কেবল ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোকেই লক্ষ্য করে নেওয়া হয়েছে। এর ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ বা তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল এবং টিএলভি ফেস্টের মতো গুরুত্বপূর্ণ আসরে থাকবেন না এসব শিল্পীরা। প্রদর্শিত হবে না তাদের অভিনীত বা নির্মিত কোনো সিনেমাও।

বিশ্ব তারকারা সিদ্ধান্ত নিলেন ইসরাইলি প্রতিষ্ঠান বয়কটের। ছবি: সংগৃহীত

শিল্পীদের এই সাংস্কৃতিক প্রতিরোধ এমন এক সময়ে এলো, যখন গাজার যুদ্ধে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং হাজারো শিশু অপুষ্টি ও দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে বহু আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ ইসরায়েলের পদক্ষেপকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন; আন্তর্জাতিক বিচার আদালতও একই অবস্থান নিয়েছে।

এদিকে সদ্য ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ডকুমেন্টারি দ্য ভয়েস অব হিন্দ রজব, যেখানে গাজায় নিহত পাঁচ বছরের এক শিশুর করুণ গল্প তুলে ধরা হয়। চলচ্চিত্রটি রেকর্ড সময় ধরে স্ট্যান্ডিং অভেশন পেয়েছে। এ সিনেমার নির্বাহী প্রযোজক ছিলেন হলিউড তারকা ব্র্যাড পিট ও জোয়াকিন ফিনিক্স। বিশ্বজুড়ে যখন গাজার ধ্বংসস্তূপ আর ক্ষুধার্ত শিশুদের ছবি ছড়িয়ে পড়ছে, তখন ইসরায়েলের বিরুদ্ধে শিল্পীদের এই সাংস্কৃতিক বিদ্রোহও ক্রমশ জোরালো হচ্ছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।