লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

লক্ষ্মীপুরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক ব্যবসায়ীর শরীরে এবং ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার পৈশাচিক চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় অন্তত তিনজন ব্যবসায়ী আহত হয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।
গত মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের অত্যন্ত ব্যস্ততম উত্তর তেমুহনী-সংলগ্ন কালীবাজার রোডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মূল ব্যক্তি স্থানীয় মৃত ধনু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। তাঁর সাথে হামলায় অংশ নেন তাঁর দুই ছোট ভাই শাকিল ও মুন্না।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রের অভিযোগ, দেলোয়ার দীর্ঘদিন ধরে কালীবাজার এলাকার ছোট-বড় ব্যবসায়ীদের কাছে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। সম্প্রতি তিনি স্থানীয় সেলুন ব্যবসায়ী জগদীশ এবং মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী কৃষ্ণপালের কাছে প্রতিদিন ৫০০ টাকা করে চাঁদা দাবি করেন। ব্যবসায়ীরা এই অবৈধ চাঁদা দিতে সরাসরি অস্বীকৃতি জানালে গত মঙ্গলবার দুপুরে দেলোয়ার তাঁর দুই ভাইকে নিয়ে কৃষ্ণপালের দোকানে চড়াও হন। তারা কৃষ্ণপালকে এলোপাতাড়ি মারধর করেন এবং বোতল থেকে দোকানে পেট্রোল ছিটান। একপর্যায়ে পাশে থাকা একজন ব্যবসায়ীর শরীরে ও মাথায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এ সময় পাশের দোকানের ব্যবসায়ী শাহেদ আলম, দোকানের কর্মচারী সোহাগ ও রাকিব এগিয়ে এসে বাধা দিলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপরও ঝাঁপিয়ে পড়ে। তাদের হামলায় শাহেদ, সোহাগ ও রাকিব গুরুতর আহত হন। পরে উপস্থিত অন্য ব্যবসায়ীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
ঘটনার পর থেকে কালীবাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, বাণিজ্যিক এলাকায় প্রকাশ্যে এ ধরনের নৃশংস ঘটনা নজিরবিহীন। ব্যবসায়ীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
লক্ষ্মীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দেলোয়ার, শাকিল ও মুন্নার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা অবৈধভাবে দোকানে প্রবেশ করে চাঁদা না পেয়ে পেট্রোল ছিটায়, যা জীবন ধ্বংসকারী অপরাধ। ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকলেও তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।