ঈদের ছুটিতে আইএফআইসি ব্যাংকে চুরি, গ্রেপ্তার ৩

ঈদের ছুটির সুযোগে ঢাকার কেরাণীগঞ্জে বেসরকারি আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা থেকে ভোল্ট ভেঙে ১৫ লাখ টাকার বেশি চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরি হওয়া প্রায় পুরো অর্থ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ জুন) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (৯ জুন) ঈদের ছুটির দিন কেরাণীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের বোডিং মোড়ের ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংক পিএলসির রুহিতপুর উপশাখায় চুরির ঘটনা ঘটে।

চোরের দল ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যানের ভেন্টিলেটর ভেঙে ব্যাংকের ভেতরে প্রবেশ করে, এরপর সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে এবং ভোল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

চুরির ঘটনার পরপরই ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান শুরু করে। প্রথমে ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. সিয়ামকে কেরাণীগঞ্জের বন্ধ ডাকপাড়া এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭ লাখ ৪০ হাজার টাকা। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কেরাণীগঞ্জ মডেল টাউন এলাকা থেকে আল আমিন (৩০) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়, যার বাসা থেকে উদ্ধার হয় ২ লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া পুলিশের আরেকটি দল মাদারীপুর সদর উপজেলার খামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইমরান শেখ (২৬)-কে গ্রেপ্তার করে এবং তার বাসা থেকে উদ্ধার করে ৫ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, তিনজনের কাছ থেকে মোট ১৫ লাখ ২০ হাজার টাকা, একটি ডিভিআর হার্ডডিস্ক, একটি লোহার শাবল, একটি চাকু এবং একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ সদর দপ্তর।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।