খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে জনমনে সন্দেহ-সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের স্বচ্ছ অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এক পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘এনসিপি’র কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গেছেন, তারা যেতেই পারেন। অসুবিধার কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সঙ্গে আপনাদের আলাপ-আলোচনা হয়, প্রোগ্রাম হওয়ার থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, এই লুকোচুরি কেন? এটা করবেন না।’
তিনি বলেন, ‘এই গণঅভ্যুত্থানে আপনারা নেতৃত্ব দিয়েছেন। আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন। জনগণ চায়, গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে, তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে। আজকে কেন আপনারা সুযোগ তৈরি করে দিচ্ছেন? কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা উঠছে? আপনারা যেকোনো কাজেই যেতে পারেন, যে কারও সাথেই সাক্ষাৎ করতে পারেন।’
রিজভীর পরামর্শ, ‘ওটা প্রকাশ্যে জানিয়ে দিন। তাহলে তো আর কোনো প্রশ্ন আসে না। লুকোচুরি করলে তো মানুষ নানা ষড়যন্ত্র খুঁজবে। এখান থেকে নানা কাহিনী রচিত হবে।’
তিনি মনে করিয়ে দেন, রাজনৈতিক নেতাদের প্রতিটি কর্মকাণ্ড জনস্বার্থে নজরদারির মধ্যে পড়ে—এ কারণে স্বচ্ছতা বজায় রাখা জরুরি।
খবরওয়ালা/এসআই