সম্প্রতি ক্যাপিটাল ড্রামা সিরিজে ‘খোয়াবনামা’ দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন ভিকি জাহেদ ও তৌসিফ মাহবুব। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তারা নতুন একটি নাটক নিয়ে হাজির হয়েছেন। ‘অন্ধ বালক’ নামের এই কাজটি নির্মাতারা ‘ফ্ল্যাশ ফিকশন’ হিসেবে বর্ণনা করছেন। এতে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন সাদিয়া আয়মান।
আগামী ১৮ সেপ্টেম্বর এটি দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
নির্মাতা ভিকি জাহেদ জানান, এটি দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প, যেখানে হঠাৎ করে ‘অন্ধ বালক’ সম্পর্কিত একটি ঘটনা তাদের সম্পর্কে ফাটল ধরায়। ভালোবাসার একটি সুন্দর পরিণতিতে পৌঁছাতে তারা ভিন্ন পথ অবলম্বন করেন। তৌসিফ মাহবুব বলেন, “ভিকি জাহেদের পরিচালনায় আমার বেশ কয়েকটি জনপ্রিয় কাজ রয়েছে। এই গল্পের মধ্যেও একটি চমৎকার চমক আছে, যা দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।”
‘অন্ধ বালক’-এর চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন নাজিম-উদ-দৌলা এবং ভিকি জাহেদ। নাটকটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।
খবরওয়ালা/টিএসএন



