সাতক্ষীরায় একদিনে পানিতে ডুবে প্রাণ গেলো পাঁচজনের

সাতক্ষীরায় একদিনে পানিতে ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত একের পর এক মৃত্যু সংবাদে শোকাহত হয়ে পড়ে সাতক্ষীরার মানুষ।

এদিন জেলার কলারোয়া, শ্যামনগর, সদর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মারা গেছে পাঁচজন।

কলারোয়ার কেড়াগাছি গ্রামে দুই বছরের ইরফান খাঁ সবার অগোচরে রান্নাঘরের পাশের ডোবায় পড়ে যায়। কিছুক্ষণের খোঁজাখুঁজির পর তাকে নিথর দেহে উদ্ধার করা হয়।

শ্যামনগরের চন্ডিপুর গ্রামে ফয়সাল হোসেন (১৬) নামের মানসিক প্রতিবন্ধী কিশোরের করুণ পরিণতি সবাইকে কাঁদিয়েছে। রোববার সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবার সারারাত খুঁজতে থাকে। অবশেষে সোমবার দুপুরে ডোবার শেওলার ভেতর থেকে পাওয়া যায় তার নিথর দেহ।

এদিকে সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের এল্লারচর আবাসন প্রকল্পে বিকেলে ডুবে মারা যায় ইসমাইল হোসেনের ছোট্ট মেয়ে। খেলার ছলে পানিতে গিয়ে আর ফেরা হয়নি তার।

আশাশুনির বড়দলে মহেন্দ্র নাথ সানার ঘরে নেমে আসে অকাল মৃত্যুর ছায়া। তার দেড় বছরের শিশু ঈশিতা পানিতে ডুবে মারা যায়।

এছাড়া কালিগঞ্জের নলতার ইন্দ্রনগর গ্রামে মো. সিরাজুল ইসলামের ১৯ মাস বয়সী মেয়ে লামিসা খাতুন পুকুরে পড়ে যায়। দ্রুত ক্লিনিকে নেওয়া হলেও তাকে আর ফিরিয়ে আনা যায়নি।

এসব উপজেলার থানাগুলো থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।