কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ ৪ জন আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসে অভিযান চালিয়ে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধারের পর চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী রয়েছেন। মঙ্গলবার রাতে গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের দেওয়া তথ্য অনুযায়ী, আটক চারজন হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিতরণ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী লাবিব হাসান মিথুন এবং বহিরাগত সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষটি মিথুনের নামে বুকিং করা হয়েছিল। রাতে ওই কক্ষে অপরিচিত কয়েকজনের সন্দেহজনক যাতায়াত, মোটরসাইকেল রাখা এবং অস্বাভাবিক চলাফেরা নজরে আসে গেস্ট হাউসের কর্মীদের। বিষয়টি জানানো হয় গেস্ট হাউসের অফিসার ইনচার্জ সহকারী অধ্যাপক অনিরুদ্ধ সরকারকে।

অনিরুদ্ধ সরকার জানান, ওই সময় তিনি অফিসের কাজ শেষ করে বাসায় চলে গিয়েছিলেন। কর্মীদের কাছ থেকে খবর পাওয়ার পর তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। গেস্ট হাউসে তখন অন্য অতিথিরাও অবস্থান করছিলেন। ফলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে—এমন আশঙ্কায় কর্মীদের একা গিয়ে কক্ষটি মোকাবিলা না করার পরামর্শ দেন তিনি।

পরে তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের সঙ্গে যোগাযোগ করেন। সহকারী প্রক্টর প্রক্টরের সঙ্গে আলোচনা করে প্রক্টরিয়াল ভিজিল্যান্স টিমকে সঙ্গে নিয়ে গেস্ট হাউসে যান। এ সময় পুলিশকেও খবর দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, কক্ষের দরজা খোলার পর সেখানে চারজনকে পাওয়া যায়। তাদের মধ্যে বুকিং করা বিশ্ববিদ্যালয় কর্মী, একজন এসি মেকানিক এবং আরও দুজন বহিরাগত ছিলেন। কক্ষের ভেতরে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় এবং উপস্থিত ব্যক্তিদের আচরণও অস্বাভাবিক মনে হয় বলে জানান সংশ্লিষ্টরা।

পরে পুলিশ কক্ষ ও সংলগ্ন বাথরুমে তল্লাশি চালায়। এ সময় বাথরুম থেকে ৪ থেকে ৫টি ইয়াবা এবং ইয়াবা সেবনের একটি কিট উদ্ধার করা হয়। পুলিশ সদস্যদের দাবি, তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর কক্ষে থাকা ব্যক্তিরা ইয়াবার কিছু অংশ টয়লেটে ফেলে ফ্লাশ করে নষ্ট করার চেষ্টা করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম বলেন, রাত পৌনে ৮টার দিকে গেস্ট হাউসের একটি কক্ষে বহিরাগতদের অবস্থানের খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও পুলিশ সেখানে যায়। কক্ষে প্রবেশের পর ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে পুলিশ ইয়াবা উদ্ধার করে চারজনকে আটক করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গেস্ট হাউসে বহিরাগতদের অবস্থান এবং তাদের কার্যক্রম নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। অন্য অতিথিদের নিরাপত্তার বিষয়টিও অভিযানের সময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

আটক চারজনকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এসআই মাহবুব। তবে উদ্ধার করা ইয়াবার পরিমাণ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ তদন্ত ও মামলার প্রক্রিয়ায় আরও স্পষ্ট হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।