কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান

গতকাল সকাল থেকেই মান্নাতের সামনের রাস্তাঘাটে জমে উঠেছিল উচ্ছ্বাসের উৎসব। হাজারো ভক্তের চোখ একটিমাত্র মুখের অপেক্ষায়—বলিউড বাদশাহ শাহরুখ খানের। কিন্তু এবারের প্রতীক্ষার শেষ হলো হতাশায়। প্রতি বছর জন্মদিনে মান্নাতের বারান্দা থেকে হাত নেড়ে যিনি ভক্তদের ভালোবাসায় সিক্ত করেন, সেই কিং খান এবার দেখা দিলেন না। এমনকি ফ্লাইং কিসও নয়, ছিল কেবল নীরব অপেক্ষা। শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমে নিজের অনুপস্থিতির জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান।

ভারতীয় গণমাধ্যম জানায়, বর্তমানে শাহরুখ ও তাঁর পরিবার মান্নাত ছেড়ে অস্থায়ীভাবে আলিবাগে অবস্থান করছেন। এ নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা চলছিল—তাহলে কি এবছর মান্নাতের বারান্দা থেকে তাঁর সেই ঐতিহ্যবাহী জন্মদিনের উপস্থিতি দেখা যাবে না? শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্য হলো।

এ বিষয়ে রবিবার (২ নভেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ‘এক্স’-এ দুঃখপ্রকাশ করেন শাহরুখ। তিনি জানান, কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে যে, বাইরে বেরিয়ে ভক্তদের সঙ্গে দেখা করা সম্ভব হবে না।

তিনি লেখেন, ‘আপনারা এতজন প্রিয় মানুষ আমার জন্য অপেক্ষা করছেন, কিন্তু ভিড় নিয়ন্ত্রণের সমস্যার কারণে সকলের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ক্ষমা প্রার্থনা করে শাহরুখ আরও বলেন, ‘আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দয়া করে বিষয়টি বুঝবেন, এবং বিশ্বাস করুন—আপনাদের চেয়ে আমিই বেশি মিস করব এই দেখা।’

শেষে তিনি লেখেন, ‘আমি আপনাদের সঙ্গে দেখা করার এবং ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা।’

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।