বিশ্বের অন্যতম ধনী তারকা হয়েও শাহরুখ খান কেন ক্ষতিকর পান মশলা ও কোমল পানীয়ের বিজ্ঞাপন করেন—সম্প্রতি এমন প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।
এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে শাহরুখের উদ্দেশে তিনি এ প্রশ্ন রাখেন। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘শাহরুখ খানের কাছে আমার প্রশ্ন।’
ভিডিওতে ধ্রুব রাঠি বলেন, ‘শাহরুখ খান এখন বিলিয়নিয়ার—হ্যাঁ, ঠিকই শুনেছেন! বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭ হাজার কোটি টাকা।’
তিনি আরও বলেন, ‘ভাবুন তো, তিনি যদি প্রতিদিন বিজনেস ক্লাসে ভ্রমণ করেন, প্রতি রাত ১০ লাখ টাকার হোটেলে থাকেন, এমনকি একটি ব্যক্তিগত জেটও কেনেন—তবুও তার খরচ হবে মাত্র ৪০০ কোটি টাকা। এত অর্থ কি যথেষ্ট নয়? তাহলে এমন ক্ষতিকারক পণ্য প্রচারে তাকে কী বাধ্য করে?’
ধ্রুব আরও প্রশ্ন তোলেন, ‘এই বিশাল সম্পদ দিয়ে আপনি কী করবেন? একবার ভাবুন তো, দেশের শীর্ষ অভিনেতা যদি এমন ক্ষতিকর পণ্যের প্রচার বন্ধ করেন, তাহলে এর ইতিবাচক প্রভাব জাতির ওপর কতটা পড়তে পারে?’
ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘এই প্রশ্ন সরকারের কাছেও করা উচিত—কেন এখনো পান মশলা ও গুটখা নিষিদ্ধ করা হচ্ছে না?’
এই আলোচনার মধ্যেই শাহরুখ খানের একটি পুরনো সাক্ষাৎকার আবারও ভাইরাল হয়েছে। সিএনএন-আইবিএনকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি এক কোমল পানীয়ের বিজ্ঞাপন নিয়ে সমালোচনার জবাব দিয়েছিলেন।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, স্বাস্থ্যমন্ত্রী বিশেষভাবে আপনার ও অন্য তারকাদের নাম উল্লেখ করে বলেছেন, আপনারা এমন পানীয়ের বিজ্ঞাপন করেন, যা শিশুদের ক্ষতি করে এবং তারা আপনাদের দেখেই তা পান করতে শুরু করে।
জবাবে শাহরুখ বলেন, ‘আমি কর্তৃপক্ষকে বলব, যদি এটি খারাপ হয়, তাহলে এর বিক্রি নিষিদ্ধ করুন। যদি ধূমপান ক্ষতিকর হয়, সিগারেটের উৎপাদন বন্ধ করুন। যদি কোমল পানীয় ক্ষতিকর হয়, সেগুলোর উৎপাদনও বন্ধ করুন। কিন্তু তা করছেন না, কারণ এখান থেকে সরকার রাজস্ব পায়।
যদি সরকার এই পণ্যগুলো বন্ধ না করে, তাহলে আমার আয় বন্ধ করারও কারণ দেখি না। আমি একজন অভিনেতা, কাজ করি, তার বিনিময়ে পারিশ্রমিক পাই। যদি কিছু ভুল হয়, সেটি উৎপাদন বন্ধ করুন—সমস্যার মূল সেখানেই।’
তিনি স্পষ্ট করে জানান, জনগণের ক্ষতি হতে পারে এমন কোনো পণ্যের উৎপাদনই প্রথমে বন্ধ করা উচিত।
উল্লেখ্য, শাহরুখ খান বর্তমানে ব্যস্ত তার নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। এছাড়াও দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানি মুখার্জিকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
খবরওয়ালা/টিএসএন



