গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল প্রথম ধাপে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। একইসঙ্গে হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ২০ দফা প্রস্তাবের কিছু অংশ মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির এই অবস্থানের পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নতুন অগ্রগতির কথা জানিয়েছেন ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, উপত্যকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরাইল।

যুদ্ধবিরতির অংশ হিসেবে হোয়াইট হাউস গত সোমবার একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিভিন্ন সীমারেখা নির্ধারণ করা হয়।

ট্রাম্প জানান, ওই সীমারেখার মধ্যেই ইসরাইল প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানান তিনি। পাশাপাশি সতর্ক করে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে।

বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হলে হোয়াইট হাউসের মানচিত্র অনুসারে প্রথম ধাপের সেনা প্রত্যাহারের পরও গাজার প্রায় ৫৫ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, খুব শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন বলে আশা করছেন তিনি। তার দাবি, কূটনৈতিক ও সামরিক চাপের মুখে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া হামাসের সামনে কোনো বিকল্প নেই। দ্রুতই উপত্যকায় হামাসের শাসনের অবসান ঘটানো হবে বলে প্রতিশ্রুতি দেন নেতানিয়াহু এবং হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।