গাজীপুরে কম্পিউটার দোকান থেকে নকল পুলিশ ক্লিয়ারেন্স তৈরি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করার অভিযোগে মাহিদুল আলম (২৮) নামে একজন গ্রাম পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে তাকে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার রাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের তেতুইতলা এলাকায় একটি কম্পিউটার দোকান থেকে তাকে আটক করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মাহিদুল আলম কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দড়িবাঘুন গ্রামের মো. আবুল বাশার খানের ছেলে। তিনি ওই ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে কর্মরত ছিলেন।

অভিযান চলাকালে পুলিশ দোকান থেকে একটি কালো কম্পিউটার, মনিটর, কিবোর্ড, মাউসসহ মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের নামে মোট ছয়টি অফিসিয়াল সিল উদ্ধার করে। এছাড়া পাওয়া যায় নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ৬টি রঙিন কপি, অনলাইনে করা আবেদনপত্রের ৩টি কপি ও ইউনিয়ন পরিষদের প্যাড বই।

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, মাহিদুলকে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করার সময় হাতেনাতে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, অজ্ঞাত আরও ২–৩ জন সহযোগীর সঙ্গে দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালাচ্ছিল।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, উদ্ধার হওয়া নকল সার্টিফিকেটগুলোতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের (গোয়েন্দা বিভাগ) নামে জাল সিল ব্যবহার করা হয়েছিল। এতে দীর্ঘদিন ধরে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নেওয়া বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাফিদুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।