গৌরনদীতে চিকিৎসককে হেনস্তার প্রতিবাদ করায় নারীকে থাপ্পড় বিএনপি নেতার

চিকিৎসা পদ্ধতি মনঃপূত না হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসককে হেনস্তা করেছেন বদিউজ্জামান মিন্টু নামের এক বিএনপি নেতা।

 এ সময় প্রতিবাদ করায় বিথি আক্তার (৩৪) নামের এক নারীকেও থাপ্পড় মারেন তিনি।

ঘটনাটি ঘটে শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে। অভিযুক্ত বদিউজ্জামান মিন্টু গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

হেনস্তার শিকার মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদার বলেন“দুপুরে বদিউজ্জামান মিন্টু জরুরি বিভাগে এসে বলেন, তিন দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর পা কেটে গেছে। আমি তাঁকে টিটেনাস ইনজেকশন নিতে বলি। কিন্তু তা শুনে তিনি ক্ষিপ্ত হয়ে ব্যবস্থাপত্র ছিঁড়ে টেবিলের ওপর ছুড়ে মারেন এবং রুম থেকে বের হতে থাকেন। তখন আমি হঠাৎ বলি, ‘এসব লোক কোথা থেকে আসে?’—এ কথা শুনে তিনি আবার ফিরে এসে আমার দিকে তেড়ে আসেন। আমি পেছনে সরে যাই, তখন তিনি আমাকে গালাগাল করেন। সামনে থাকা এক নারী প্রতিবাদ করলে তাকেও মারধর করেন।”

ওই নারী বিথি আক্তার , “বড় বোনের চিকিৎসার পরামর্শ নিতে জরুরি বিভাগে গিয়েছিলাম। উগ্র আচরণ দেখে বলি, ‘একজন চিকিৎসকের সঙ্গে এমন আচরণ ঠিক না।’ এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার গালে ও মাথায় কয়েকটি থাপ্পড় মারেন এবং অশালীন ভাষায় গালাগাল করেন।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু। তিনি বলেন, “পা কাটার ঘটনার তিন দিন পর ডা. প্লাবন আমাকে টিটেনাস নেওয়ার পরামর্শ দেন। আমি বলি, দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে টিটেনাস নেওয়া উচিত—এমন পরামর্শ অন্য চিকিৎসকদের কাছ থেকে পেয়েছি। এরপর আমি রুম থেকে বের হচ্ছিলাম। পেছন থেকে তিনি (চিকিৎসক) অপমানজনক মন্তব্য করলে আমার সঙ্গে থাকা দু’জন প্রতিবাদ করেন। তখন পাশে থাকা এক নারী তর্কে জড়ান। শুধু কথাকাটাকাটি হয়েছে, হাত তোলার প্রশ্নই আসে না।”

এ বিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, “বিষয়টি আমি জেলা সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বরিশালের গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ঘটনা ঘটেছে। সেখানে এক নারী মারধরের শিকার হয়েছেন। ওই বিষয়ে অভিযোগ দিতে বিথি নামের এক নারী থানায় এসেছেন। আমরা বিষয়টি দেখছি।’

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।