চট্টগ্রামে অপহরণের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার থেকে অপহরণের ৯ দিন পর মো. মামুন মাঝি (৩৮) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী কাউখালীর মাঝেরপাড়া এলাকায় মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মামুন মাঝি রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের সুগারমিল আদর্শগ্রামের মো. আলী আহম্মদের ছেলে। ব্যবসায়িক কারণে তিনি প্রায় সময় রানীরহাট বাজারে অবস্থান করতেন।

পুলিশ জানায়, মামুনকে অপহরণের পর টাকা আদায়ের চেষ্টা চলছিল। দাবি করা টাকার চেক নিতে আসলে আনোয়ার নামের একজনকে তিনদিন আগে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তার দেওয়া তথ্যে প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে লক্ষীপুর জেলা থেকে খুনি কামরুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে কামরুল জানায়, টিভিতে কিলিং মুভি দেখে ফিল্মি কায়দায় মামুনকে অপহরণ করার পরিকল্পনা করা হয়। গত ৭ জুলাই রানীরহাট বাজারের নিজের ভাড়া বাসায় মামুনকে ডেকে নিয়ে চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর শুরু হয় টাকা আদায়ের চেষ্টা। শেষে মামুনকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে মাটি চাপা দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে অনুসন্ধান চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।