চলাচল অযোগ্য সড়কে ধান চাষ, সংস্কারের দাবিতে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের পাশ দিয়ে উপজেলা মডেল মসজিদ, বাহাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেক্সটাইল কলেজ ও বিএম কলেজ যাওয়ার একমাত্র সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

দীর্ঘ অবহেলায় সড়কজুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, বৃষ্টির পানিতে জমে গেছে কাদামাটি—যা পথচারী ও যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই দুরবস্থার প্রতিবাদে রোববার (১০ আগস্ট) স্থানীয়রা অভিনব কৌশলে গর্ত ও পানিভরা স্থানে ধান গাছ রোপণ করেন।

এভাবে তারা স্থানীয় সরকার প্রশাসন, সড়ক বিভাগ ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) দৃষ্টি আকর্ষণ করতে চান।

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, ‘প্রতিদিন এ পথে হাজার হাজার মানুষ চলাচল করে কিন্তু সড়কের অবস্থা এতটাই খারাপ যে স্কুলের শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই কষ্ট পাচ্ছে। দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।’

আরেক বাসিন্দা শারমিন আক্তার বলেন, ‘আমরা বহুবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছি কিন্তু এখনো কোনো কাজ শুরু হয়নি। তাই বাধ্য হয়ে এই প্রতীকী প্রতিবাদ করেছি।’

বাহাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘শিশুরা স্কুলে আসতে কাদায় পড়ে যায়, বৃষ্টির দিনে তো আরও ভোগান্তি বেড়ে যায়।’

স্থানীয়রা জানান, সড়কটি সংস্কার হলে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের যাতায়াত ব্যবস্থা নয়, এলাকার ব্যবসা-বাণিজ্যও উন্নত হবে। তারা দ্রুত সংস্কার কাজ শুরুর জন্য জেলা প্রশাসক, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন গণমাধ্যমকে বলেন, ‘শহরের অনেকগুলো সড়কের কাজ শুরু হয়েছে। এখনো অনেকগুলো রাস্তার কাজ বাকি রয়েছে, যেগুলোর কারণে মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা দ্রুত সময় সব রাস্তার কাজগুলো করার চেষ্টা করছি।,

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।