চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ৪

খবরওয়ালা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলার বারঘরিয়া বাজারে স্থানীয় দ্বন্দ্বের জেরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ ছাড়া পিটিয়ে আহত করা হয়েছে বারঘরিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদকে। এতে তার হাত ও কাঁধের জোড়া ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বারঘরিয়া বাজারে আগে থেকে অবস্থান নেওয়া একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বারঘরিয়া বাজার ও ইউপি ভবন এলাকায় সাত-আটটি ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।

পরে বাজারে থাকা চেয়ারম্যানকে ধরে নিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা একটি রেস্টুরেন্ট ভাঙচুর করে। তবে ঘটনাটি রাজনৈতিক নয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, বারঘরিয়া বাজারে অবস্থান নেওয়া স্থানীয় রাকিব, মোহাম্মদ আলী গোদা ও তাদের অপর এক সঙ্গীসহ তিনজন ঘটনাটি ঘটায়। তাদের ঘটনা ঘটাতে সাহায্য করে আরো ৮-১০ জন সন্ত্রাসী। প্রথমে তারা বাজারে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে চেয়ারম্যানকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে আহত করে। ককটেলের স্প্লিন্টারে আহত হন নাজমুল আওয়াল, সাকিম ও আল-আমিন নামের তিনজন।

পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করেছে। বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।