কলাগাছের পাতা খাওয়া কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে একটি ছাগল কুপিয়ে হত্যা এবং দুটি ছাগলকে আঘাত করা হয়। এমন অভিযোগে করা মামলায় বগুড়ার শেরপুরে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রাম থেকে অভিযুক্ত সজিব হাসানকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৪ আগস্ট সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামের আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন তিনটি ছাগল নিয়ে গ্রামের বাঙালি নদীর শস্যবিহীন চর এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। দুপুরে ছাগল নিয়ে সজিবের বাড়ির পাশে দিয়ে ফিরছিলেন। এ সময় একটি ছাগল কলা গাছের পাতা খায়। ক্ষুব্ধ হয়ে ধারালো দা দিয়ে ছাগলকে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত সজিব। আরও দুটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। বাধা দিতে গেলে ছাগল মালিক জাহেদা খাতুন ও তার সন্তানকে হত্যার উদ্দেশে ধাওয়া দেয় সজিব।
এ ঘটনায় ছাগলের মালিক আল মাহমুদ বাদী হয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে শেরপুর থানায় মামলা করেন। বুধবার সজিবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
খবরওয়ালা/এসআর



