জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এবং সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত জাপার ১০তম জাতীয় কাউন্সিলে তারা এই দায়িত্ব নেন।
এছাড়া নির্বাহী চেয়ারম্যান হিসেবে মো. মুজিবুল হক চুন্নুকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত নেতারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।
এর আগে, জাতীয় পার্টির মহাসচিব (একাংশ) মুজিবুর রহমান চুন্নু দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।’
মুজিবুর রহমান চুন্নু আরও বলেন, ‘আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি। অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটূক্তি করেন, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করেন। আমি গত প্রায় চার বছর জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম। আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। ভুলভ্রান্তি থাকতে পারে।’
তিনি সকল রাজনৈতিক দলকে সহযোগিতা ও সমঝোতার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলকে অনুরোধ করব। জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করার দল, জাতীয় পার্টির একটি আধুনিক গণতন্ত্র মানা মডার্ন ডেমোক্রেটিক পার্টি। আমরা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। সব নিয়ম-কানুন, আইন মেনে আমরা এই কাজগুলো করব।’
খবরওয়ালা/এসআই



