ডাকসু নির্বাচনে রিটকারী নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করা এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।

আলী হোসেন নামের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র ফেসবুকে লিখেন,“হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।”* সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টে রিট দাখিলের পর নির্বাচনের কার্যক্রম স্থগিত হলে তার কিছু সময় পরই এ পোস্ট ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বিভিন্ন ছাত্রসংগঠন, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা ফেসবুকে প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রিটকারী ওই ছাত্রী বামপন্থি কয়েকটি সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১–অদম্য ২৪’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শিবির সংশ্লিষ্ট এস এম ফরহাদ মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করেই নির্বাচনে অংশ নিচ্ছেন, যা ডাকসুর গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, “রিট করা তার অধিকার। এজন্য তাকে গণধর্ষণের হুমকি দেওয়ার কোনো অধিকার আলী হোসেনের নেই। তার বিরুদ্ধে ডিউ প্রসেসে ব্যবস্থা নিতে হবে।” তিনি আরও জানান, যারা এমন মানসিকতা লালন করে তারা তার ক্লাসে বসতে পারবে না।

পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেন, “এটি স্পষ্ট হেট ক্রাইম। পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্রত্ব বাতিল হতো, পাশাপাশি ফৌজদারি মামলা হতো।”

অধ্যাপক ফাহমিদুল হক ও অন্যান্য শিক্ষকও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

যদিও আলী হোসেনকে নিয়ে শিবিরের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।