ডাকাতির প্রস্তুতির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্রনেতার বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর দুমকিতে টোল প্লাজায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে বরিশালের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সংগঠনের বরিশাল জেলা কমিটির স্থগিত হওয়া যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

দুমকি থানার উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার অন্য দুই আসামি হলেন—চরআইচা এলাকার শিপন হাওলাদার ও সদর এলাকার আব্দুল্লাহ আল মামুন। মামলাটি করা হয় ৬ জুন, তবে বিষয়টি সম্প্রতি জানাজানি হয়।

পুলিশের এজাহারে বলা হয়, লেবুখালী ইউনিয়নের পায়রা সেতুর টোল প্লাজায় ডাকাতির উদ্দেশ্যে বরিশাল থেকে দুটি মোটরসাইকেলে ৫-৬ জনের একটি দল পটুয়াখালীর দিকে যাচ্ছিল—এমন খবরে পুলিশ সেখানে চেকপোস্ট বসায়। সন্দেহজনক গতিবিধি দেখে এক মোটরসাইকেল থামালে তিনজন আরোহী দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ শিপন ও মামুনকে ধরে ফেললেও মারজুক পালিয়ে যান। পেছনের আরেকটি মোটরসাইকেল দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যায়।

আটক দুজনের স্বীকারোক্তি অনুযায়ী, তারা মারজুকসহ একটি ডাকাত চক্রের সদস্য এবং বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করতেন। তাদের কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি, ইলেকট্রিক শক ডিভাইস এবং মোবাইল উদ্ধার করা হয়েছে বলে জানান দুমকি থানার ওসি জাকির হোসেন।

এর আগে, ১৪ মে বরিশাল কোতোয়ালি থানায় মারজুক আব্দুল্লাহ নিজেই ২৪৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা করেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার বিরুদ্ধে অচেনা মানুষদের মামলায় জড়িয়ে হয়রানি এবং মামলা দিয়ে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০ মে বরিশাল জেলা কমিটি থেকে তাঁর পদ স্থগিত করা হয় বলে জানান সংগঠনের আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ।

পলাতক মারজুককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

খবরওয়ালা/ এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।