ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ ৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি পৃথক আবেদনের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য ব্যক্তিরা হলেন—শেখ মামুন খালেদের স্ত্রী নিগার সুলতানা, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়েরের ভায়রা ভাই খন্দকার আবুল কাইয়ুম।

শেখ মামুন খালেদের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা পরিচালনা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে দুদক তদন্ত চালাচ্ছে। তদন্ত চলাকালে আশঙ্কা করা হচ্ছে, তিনি ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করে পালিয়ে যেতে পারেন। এ প্রেক্ষিতে, তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

অন্যদিকে, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক ও খন্দকার আবুল কাইয়ুমের বিরুদ্ধেও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক টি এম জোবায়েরের সঙ্গে সম্পৃক্ত থেকে অবৈধ সম্পদ স্থানান্তর এবং মানি লন্ডারিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তদন্তে জানা গেছে, তারা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে এসব সম্পদের লেনদেন করেছেন এবং দেশত্যাগ করে পালিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশেযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।