খবরওয়ালা স্পোর্টস ডেস্ক: সবাইকে চমক দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আগামী মৌসুমের জন্য সাকিব আল হাসানকে দলে বেড়িয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। খবরটি প্রকাশের পরেই চাঞ্চল্য সৃষ্টি হয় ক্রিকেট মহলে। শুরু হয়েছিল শঙ্কাও। তবে দলবদলের দ্বিতীয় দিন রবিবার (২৩ ফেব্রুয়ারি) তাঁর নাম প্রত্যাহারের জন্য সিসিডিএমের কাছে চিঠি দিয়েছে দলটি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরি।
শনিবার দুই দিনব্যাপি ডিপিএলের দলবদলের শুরু হয়। প্রথম দিনই সাকিবকে দলে ভেড়ায় রূপগঞ্জ। যুক্তরাষ্ট্রে থাকায় অনলাইনে দলবদলের সব প্রক্রিয়া সারেন সাকিব। তার নাম প্রকাশ্যে আসার পরেই আলোচনা ওঠে রূপগঞ্জের হয়ে ডিপিএলে খেলতে পারবেন তো বাঁহাতি অলরাউন্ডার। সিসিডিএমের কাছে চিঠি দেওয়ার পর অবশ্য আর ডিপিএল খেলা হচ্ছে না সাকিবের।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশে আসতে পারেনি সাকিব। এতে করে ঘরের মাঠে টেস্ট খেলে অবসর নেওয়ার যে ইচ্ছা ছিল তার সেটাও পূরণ হয়নি। খেলতে পারেননি সর্বশেষ বিপিএলেও। সঙ্গে তার নামের পাশে ঝুলছে বোলিং নিষেধাজ্ঞাও।
এ ছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর সাকিবের নামে হয়েছে একাধিক মামলাও। এর মধ্যে চেক প্রতারণার একটি মামলায় গত ১৯ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
খবরওয়ালা/টিএ



