রাজধানীর পল্লবীতে পুলিশ হেফাজতে আলোচিত ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলায় দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার (১১ আগস্ট) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক জাহিদুর রহমান ও এএসআই কামরুজ্জামান। যাবজ্জীবন সাজা কমে ১০ বছর হয়েছে এএসআই রাশেদুল হাসানের।
আদালতের এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে জনির পরিবার। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তারা।
২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশের সোর্স সুমনের ফোনে দুই ভাই ইশতিয়াক হোসেন জনি ও ইমতিয়াজকে ধরে নিয়ে যায় পল্লবী থানা পুলিশ। থানায় নিয়ে দুই ভাইকে নির্যাতন করা হয়। এতে জনির অবস্থা খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তী সময়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেসময় এই ঘটনা ব্যাপক আলোচিত হয়।
খবরওয়ালা/এমইউ



