জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডির ৩২ নম্বরে আবারও দুটি বুলডোজার আনা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি সেখানে নেওয়া হয়। সে সময় ট্রাকের ওপর কয়েকজন তরুণ হাতে মাইক নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পরিচয় জানতে চাইলে এক তরুণ জানান, রেড জুলাই নামের একটি সংগঠনের পক্ষ থেকে বুলডোজার দুটি সেখানে আনা হয়েছে। আর এসব বুলডোজার নিয়ে ৩২ নম্বরে যাওয়া দলকে রাজাকার আখ্যা দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
শাওন তাঁর ফেসবুকে গণমাধ্যমের একটি সংবাদ কার্ড শেয়ার করে লিখেছেন, ‘মনের ভয়–ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবিরে রাজাকার বাহিনী!’ তিনি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছেন #তুই_রাজাকার এবং #ধানমন্ডি_৩২।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনার ছয় মাস পূর্তিতে গত ৫ ফেব্রুয়ারি বুলডোজার মিছিল কর্মসূচি থেকে বাড়িটি ভাঙা হয়। সেদিন হাজারো মানুষের বিক্ষোভের মধ্যে রাত পৌনে ১১টার দিকে একটি ক্রেন সেখানে পৌঁছে। মানুষের উল্লাসধ্বনির মধ্যে ক্রেনটি মূল সড়ক থেকে ৩২ নম্বর সড়কে প্রবেশ করে। ক্রেনের ওপর উঠে অনেকেই স্লোগান দিতে থাকেন।
মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যরা একবার বাড়িটির সামনে এলে ছাত্র–জনতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান তোলেন। কিছুক্ষণ পর সেনাসদস্যরা সেখান থেকে চলে যান। গভীর রাতে মাইকে গান বাজিয়ে একদল মানুষকে সেখানে নাচতেও দেখা যায়। পরে বাড়িটি ভেঙে অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে ভাঙা বাড়ি ঘিরে সংশ্লিষ্ট সড়কে এখনো নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছে সরকার।
খবরওয়ালা/এসএস



