নওগাঁয় ব্যবসায়ীকে পিটিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

খবরওয়ালা মফস্বল ডেস্ক: নওগাঁর আত্রাইয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আহসানগঞ্জ হাটসংলগ্ন মালাধার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। 

ডাকাত দলের রডের আঘাতে নান্টু প্রামাণিক (৪০) নামের ওই স্বর্ণ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলের দিকে আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, ডাকাতেরা তাঁর কাছ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি চাঁদির অলংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

ওসি শাহাবুদ্দিন বলেন, ‘নান্টু প্রামাণিকের মাথায় ও হাতে আঘাত করে সন্ত্রাসীরা তাঁর কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এজাহার পাওয়ার পর বলা যাবে, কী পরিমাণ মালামাল ও টাকা লুট করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে।’

স্বজন ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নান্টু প্রামাণিক দীর্ঘদিন ধরে আত্রাই উপজেলা সদরের সাবরেজিস্ট্রি অফিসসংলগ্ন স্বর্ণপট্টি এলাকায় স্বর্ণের ব্যবসা করেন। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম রিংকু জুয়েলার্স। প্রতিদিন দোকানে বেচাবিক্রি ও স্বর্ণালংকারের কাজ শেষ করে দোকানের মজুত স্বর্ণালংকার ও টাকাপয়সা নিজ বাড়িতে নিয়ে যান। গতকাল রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে মোটরসাইকেলে করে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তিনি আহসানগঞ্জ হাটসংলগ্ন মালাধার সেতুর কাছে পৌঁছালে ওত পেতে থাকা ডাকাত দল পেছন থেকে তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে উপর্যুপরি আঘাত করে তাঁর ব্যাগে থাকা স্বর্ণালংকার, চাঁদির অলংকার ও নগদ টাকা লুট করে নেয় ডাকাতেরা।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে রাতেই নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত-ই খোদা, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।