নন্দিত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ

আজ নন্দিত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। এবারের জন্মদিন আগের মতোই পারিবারিক আয়োজনের মধ্যেই উদযাপিত হবে বলে জানিয়েছেন এই গুণী শিল্পী। গত কয়েক বছর ধরে রুনা লায়লার জন্মদিনকে কেন্দ্র করে নতুন প্রজন্মের শিল্পীরা বিভিন্ন বিশেষ পরিকল্পনা করে থাকেন। তবে দেশের বর্তমান পরিস্থিতি এবং সংশ্লিষ্ট নানা বিষয় বিবেচনায় এবার তিনি বর্ণাঢ্য আয়োজনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রুনা লায়লার ভাষ্য অনুযায়ী, জন্মদিনের মুহূর্ত থেকে শুরু করে দিনজুড়ে এবং পরের দিন পর্যন্ত তিনি যে শুভেচ্ছা ও ভালোবাসা পান, তা প্রতিটি সময় তাকে গভীরভাবে ছুঁয়ে যায়। জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, এই সময়ে এসে মূলত পরিবারের সদস্যদের নিয়েই জন্মদিন পালন করা হয়, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে ছোটবেলার জন্মদিনগুলোই সবচেয়ে মনে থাকার মতো ছিল। বিশেষ করে মা নতুন জামা বানিয়ে দিতেন, মজার খাবার রান্না করতেন—এসব স্মৃতি এখনও মনে পড়ে।

রুনা লায়লা তার ৬০ বছরের সংগীত জীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি, ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় গান গেয়েছেন। তার গাওয়া জনপ্রিয় গান ‘দমা দম মাস্ত কালান্দার’। তিনি গানটি নতুনভাবে গেয়েছেন কোক স্টুডিও বাংলা প্ল্যাটফর্মে। গতকাল কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘দমা দম মাস্ত কালান্দার’ গানটি।

সংগীত জীবনের ৬০ বছরের প্রসঙ্গে তিনি বলেন, সংগীতের পথে চলতে চলতে ষাট বছরেরও বেশি সময় কেটে গেছে। এই যাত্রায় বাবা-মা, বড় বোন দীনা লায়লাসহ পরিবারের সবার বিরাট সহযোগিতা ছিল, যা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না। হাজার হাজার গান করার সময় প্রতিটি গানই তাকে কঠিন মনে হয়েছে, রেকর্ডিংয়ের সময়ও ছিল চ্যালেঞ্জিং—যে ভাষারই হোক না কেন।

তিনি জানান, প্রতিটি গানই তাকে নতুন কিছু শিখিয়েছে এবং নিজেকে আরও গড়ে তোলার সুযোগ দিয়েছে। এখনও তিনি এই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। তার মতে, অসংখ্য মানুষের ভালোবাসাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।