নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

নরসিংদীর গুরুত্বপূর্ণ ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। গ্যাস সংকটের কারণে কেন্দ্রের সাতটি ইউনিটের সব কটিরই উৎপাদন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই, ২০২৫) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক। 

তিনি জানান, গত দুই বছর ধরেই এই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংকট চলছে।

প্রধান প্রকৌশলী মো. এনামুল হক বলেন, ঈদুল আজহার পর থেকে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রের ৩৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট, ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিট ও ৩৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৭ নম্বর ইউনিটের উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। সরকার সার কারখানায় গ্যাস সরবরাহ করায় বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস বন্ধ করে দিয়েছে। তিনি জানান, তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিকল্পভাবে গ্যাস সরবরাহের জন্য আবেদন করেছেন। গ্যাস সরবরাহ হলেই কেন্দ্রটি পূর্ণোদ্যমে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।

তিনি আরও বলেন, এই তিনটি ইউনিট সম্পূর্ণ চালু করার মতো অবস্থায় রয়েছে। কেন্দ্রের ৩৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি টারবাইনের রোটরের সমস্যার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও, বর্তমানে এর মেরামত কাজ শেষ পর্যায়ে। গ্যাস সংযোগ চালু হলে এটিও উৎপাদনে চলে আসবে।

জানা যায়, ২০১০ সালের জুন মাসে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৬ নম্বর ইউনিটে আগুন লেগে এর টারবাইন পুড়ে যায়, সেই থেকে এই ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন চিরতরে বন্ধ হয়ে গেছে।

১৯৬৭ সালে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি রাশিয়া টেকনোপ্রম এক্সপার্ট নির্মাণ কাজ শেষ করে এবং ১৯৭৪ সালের জানুয়ারি মাসে মাত্র ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এর যাত্রা শুরু হয়। পরে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন অপর ২ নম্বর ইউনিটটি ১৯৭৬ সালের ফেব্রুয়ারি মাসে উৎপাদনে আসে। তবে এই দুটি ইউনিটে বারবার যান্ত্রিক সমস্যার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে বিদ্যুৎ কর্তৃপক্ষ সেগুলোর উৎপাদনও বন্ধ করে দিয়েছে।

খবরওয়ালা/টিএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।