নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা উড়ে গেল বন্য হাতির

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে একটি বন্য হাতি গুরুতরভাবে আহত হয়েছে। বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালির একটি অংশ উড়ে গেছে।

আহত হাতিটি নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার চেরারমাঠের ঐট্টাইল্যাঝিরিতে অবস্থান করছে।

সোমবার (১১ আগস্ট) বেলা ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি বনরেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি, একটি বন্য হাতি সেখানে আটকে আছে। তার ডান পায়ের গোড়ালির একটি অংশ নেই। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের ওপারের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণেই হাতিটি আহত হয়েছে।’

তিনি আরও জানান, বিষয়টি তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

স্থানীয় চেরারমাঠের বাসিন্দা আবদুস সালাম গণমাধ্যমকে জানান, ‘হাতিটি মিয়ানমারের নাকি বাংলাদেশের, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ, বাংলাদেশের অনেক বন্য হাতি খাবারের সন্ধানে মিয়ানমারে যায় এবং সন্ধ্যায় ফিরে আসে। হয়তো গতকাল বা তার আগের দিন সন্ধ্যায় ফেরার পথে মিয়ানমারের স্থলমাইনে পা দিয়ে হাতিটির গোড়ালি উড়ে গেছে।’

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সকালে বিষয়টি জানামাত্র বন বিভাগকে জানিয়েছি। আহত হাতিটির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যায়, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।