নাগরিক কমিটির পিংকি কারাগারে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা আত্মসাতের ঘটনায় করা প্রতারণা মামলায় জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বহিষ্কৃত সদস্য দিলশাদ আফরিন পিংকিকে (৩১) কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। বিকেলে তাঁকে আদালতে হাজির করে রমনা থানা-পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এসআই মোহাম্মদ কামরুল হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। দিলশাদ আফরিন পিংকির পক্ষে তাঁর আইনজীবী ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে পিংকিকে রাজধানীর রমনা থেকে আটক করে পুলিশ। ওই দিন ফাউন্ডেশনের আইন কর্মকর্তা ফাতেমা আফরিন পায়েল রমনা মডেল থানায় মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে বুলবুল সিকদার ও রকিবুল সিকদার জুলাই বিপ্লবে আহত হিসেবে ক্ষতিপূরণের জন্য আবেদন করেন। তাঁদের কাগজপত্র দেখে সন্দেহ হওয়ায় জুলাই ফাউন্ডেশনে তথ্য প্রদানের জন্য আসতে বলা হয়।

২১ মার্চ তাঁরা ফাউন্ডেশনে উপস্থিত হলে জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত না হওয়া সত্ত্বেও দিলশাদ আফরিন ১০ হাজার টাকার বিনিময়ে তাঁদের চিকিৎসার ব্যবস্থাপত্র সত্যায়ন করার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহতদের তালিকায় রকিবুলের নাম অন্তর্ভুক্ত করতে ৫০ হাজার এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আরও ৩০ হাজার টাকা গ্রহণ করেন।

জুলাই বিপ্লবে শহীদ আহসান কবির শরিফের স্ত্রী হাদিসা আক্তার হ্যাপিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আড়াই লাখ টাকা পাইয়ে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেন। এ ছাড়া আরও কয়েকজনের কাছ থেকে টাকা আত্মসাৎ করেন তিনি।

উল্লেখ্য, ৮ এপ্রিল দিলশাদ আফরিন পিংকিকে কমিটি থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।