‘আশিক বানায়া আপনে’ খ্যাত বলিউডের জনপ্রিয় নায়িকা তনুশ্রী দত্ত জানালেন নিজের বাসায় হেনস্তা শিকার হওয়ার খবর।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। যেখানে তাকে ভক্তদের কাছে সাহায্য চাইতে দেখা গেছে।
ভিডিওটিতে দেখা যায়, কাঁদতে কাঁদতে তনুশ্রী বলছেন, ‘নিজের বাড়িতেই আমি নির্যাতিত। আমি প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছি। হতাশায় ভুগছি। বাধ্য হয়েই পুলিশে ফোন করেছি। আমায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই।’
তিনি আরও বলেন, ‘গত চার-পাঁচ বছর ধরে আমার ওপর এভাবে অত্যাচার চালানো হচ্ছে। আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। গোটা বাড়ি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে। বাড়ির কাজের জন্য সাহায্য করার কোনো লোকও রাখতে পারছি না। সমস্ত কাজ আমায় নিজেকেই করতে হয়।’
শুধু বাড়ির ভেতরেই নয়, তনুশ্রী আরও জানান যে তার বাড়ির বাইরেও নাকি লোকজন এসে নানা খারাপ মন্তব্য করে যাচ্ছে। এ অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তবে ঠিক কী কারণে তার ওপর এই হেনস্তা চালানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেত্রী। তনুশ্রীর এমন কঠিন সময়ে তার ভক্তরা তাকে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
খবরওয়ালা/এফএস



