খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 22শে শ্রাবণ ১৪৩২ | ৬ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফরে আসছে আগামী ১৮ সেপ্টেম্বর।
সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, সাত সদস্যের এ দলে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। দলটি ৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
সূত্র জানিয়েছে, প্রাক-নির্বাচনী এই সফরের মূল লক্ষ্য হবে দেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ রয়েছে কি না, তা মূল্যায়ন করা। এই মূল্যায়নের ওপর ভিত্তি করেই ইইউ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশে তারা পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে কি না।
পর্যবেক্ষক দলের সদস্যরা সফরকালে নির্বাচন কমিশন (ইসি), রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট বিভিন্ন অংশীদারের সঙ্গে মতবিনিময় করবেন।
এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ সাংবাদিকদের জানান, ‘ইউরোপীয় ইউনিয়নের একটি প্রি-ইলেকশন অবজারভার টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসবে। সাত সদস্যের এই দলে তিন জন বিদেশি ও চার জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন।’
তিনি আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আজ এ তথ্য আমরা পেয়েছি। দলটি আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আমাদের কাছে পৌঁছায়নি।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ ও পর্যবেক্ষণ বাড়ছে। এরই অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দলের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
খবরওয়ালা/এসআই