নেপালকে হারিয়ে প্রথম জয় বাংলাদেশ ‘এ’ দলের

আগের ম্যাচেও ঝোড়ো সূচনা করেছিলেন জিসান আলম। তবে সেই ইনিংসের পরও জয় আসেনি বাংলাদেশের ঘরে। এবার অবশ্য তাঁর ব্যাটেই হাসি ফুটল দলীয় ডাগআউটে। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর আজ ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপাল জাতীয় দলকে ৩২ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’। জিসানের দুর্দান্ত ইনিংসের কল্যাণে ৬ উইকেটে ১৮৬ রানের পুঁজি গড়ে জয় তুলে নেয় দলটি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। পাওয়ার প্লেতে আসে ৫৩ রান। তবে অল্প পরেই ১৮ বলে ২৫ রান করে মোহাম্মদ নাঈম লামিচানের বলে আউট হলে ভাঙে ৬২ রানের উদ্বোধনী জুটি। অপরপ্রান্তে ঝোড়ো ব্যাটিংয়ে জিসান ৩৪ বলে ফিফটি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৪৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৭৩ রান করে ফিরে যান।

জিসানের বিদায়ের পর আফিফ হোসেন ছাড়া অন্য কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সাইফ হাসান (১১ বলে ১১), নুরুল হাসান (১১ বলে ৫), মাহিদুল ইসলাম (৭ বলে ৭) এবং একাদশে নতুন ঢোকা তোফায়েল (৪ বলে ৫) সবাই ব্যর্থ হন। তবে আফিফের ২৩ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংসে বাংলাদেশ ‘এ’ ১৮০ পেরিয়ে যায়। কোনো ছক্কা না থাকলেও তাঁর ব্যাটে আসে ৯টি চার।

রান তাড়ায় নেপাল শুরু থেকেই চাপে পড়ে। দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদের বলে ফিরতে হয় কুশল ভুরতেলকে। পাওয়ার প্লেতে আরেকটি উইকেট নেন রাকিবুল হাসান, ফেরান ১০ বলে ১৫ রান করা লোকেশ বামকে। প্রথম ছয় ওভারে নেপাল তোলে ৪৯ রান।

মাঝের ওভারগুলোয় রাকিবুল দেখান ঘূর্ণি জাদু। ১০ম ওভারে টানা দুই বলে এলবিডব্লুর ফাঁদে ফেলেন দীপেন্দ্র সিং ঐরী ও গুলশান ঝাকে, হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি হয়েছিল। যদিও হ্যাটট্রিক মিস হলেও ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। কুশল মাল্লা একাই চেষ্টা চালিয়ে যান, ৪৭ বলে অপরাজিত ৫৯ রান করলেও দলকে জেতাতে পারেননি।

আগামীকাল বাংলাদেশ ‘এ’ পার্থ স্কর্চার্স একাডেমির বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ – ২০ ওভারে ১৮৬/৬ (জিসান ৭৩, আফিফ ৪৮*, নাঈম ২৫; ঢাকাল ২/৩৪, লামিচানে ১/২১)
নেপাল – ২০ ওভারে ১৫৪/৭ (মাল্লা ৫৯*, আসিফ ২৮; রাকিবুল ৩/১৮, হাসান মাহমুদ ২/৩৬)
ফল: বাংলাদেশ ‘এ’ ৩২ রানে জয়ী।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।