পটুয়াখালীতে ভুয়া ডাক্তারকে এক মাসের কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে দাঁতের চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে প্রতারণা করায় হারুন অর রশীদ (৩৮) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহিপুর সদরের এশিয়া ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ দণ্ড প্রদান করেন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, হারুন অর রশীদ ছয় বছর ধরে নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করে দাঁতের চিকিৎসা দিতেন এবং রোগীপ্রতি ৩০০–৫০০ টাকা পর্যন্ত নিতেন। শুধু দাঁতের চিকিৎসাই নয়, কখনো কখনো ভাই আব্দুল হাকিমের নাম ব্যবহার করে চোখের চিকিৎসক সেজেও রোগী দেখতেন। আব্দুল হাকিমও কলাপাড়ায় দাঁতের চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন এবং মহিপুরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন।

গত ৯ সেপ্টেম্বর চার বছরের শিশু আদনানকে চিকিৎসা করাতে গিয়ে এই প্রতারণার ঘটনা প্রকাশ পায়। শিশুটির পরিবার চক্ষুসেবা কেন্দ্রের মালিক আব্দুল হাকিমের কাছে গেলে তাকে না পেয়ে সাইনবোর্ডে থাকা নম্বরে ফোন করেন। ফোনে হাকিম পরিচয় দিলেও পরে তার ভাই হারুন হাকিম সেজে রোগী দেখেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের নজরে আসে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, হারুন অর রশীদ দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করেছেন। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৯ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত হারুনকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যসেবার নামে এ ধরনের প্রতারণা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার তদারকির দুর্বলতা তুলে ধরছে। তাদের পরামর্শ, শুধু অভিযান নয়—নিয়মিত মনিটরিং, সনদ যাচাই ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি, যাতে ভবিষ্যতে রোগীরা প্রতারিত না হন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।