পবিপ্রবিতে শের-ই বাংলা ও বঙ্গবন্ধুসহ সাত হলের নাম পরিবর্তন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাতটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে কয়েকটি হলে পুরোনো নাম ফিরিয়ে আনা হয়েছে, আবার কিছু হলে নতুনভাবে নামকরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৫তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি জানিয়ে (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) উপাচার্য প্রফেসর ড. ইখতিয়ার উদ্দিনের স্বাক্ষরিত একটি প্রশাসনিক পরিপত্র মঙ্গলবার (১ জুলাই) জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে,  ‘জুলাই গণঅভ্যুত্থান–২০২৪ পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত ছাত্র-ছাত্রীদের জোরালো দাবির প্রেক্ষিতে গঠিত সুপারিশ কমিটির ভিত্তিতে এবং ৩০ এপ্রিল অনুষ্ঠিত রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী’ এই নাম পরিবর্তনের আদেশ কার্যকর করা হয়েছে।

প্রশাসনিক আদেশ অনুযায়ী, মূল ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে রাখা হয়েছে বিজয়-২৪। এ ছাড়া শের-ই বাংলা হল-১ ও শের-ই বাংলা হল-২ এর নাম পরিবর্তন করে আগের নাম শহীদ জিয়াউর রহমান হল-১ ও শহীদ জিয়াউর রহমান হল-২ পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে।

নারী শিক্ষার্থীদের আবাসিক হলেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। মূল ক্যাম্পাসে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বদলে রাখা হয়েছে রাবেয়া বসরী হল এবং বরিশাল ক্যাম্পাসে একই নামে থাকা হলের নামকরণ করা হয়েছে সুলতানা রাজিয়া হল।

এ ছাড়া নির্মাণাধীন নতুন দুটি হলের নাম রাখা হয়েছে যথাক্রমে শের-ই বাংলা হল (ছাত্রদের জন্য) এবং চাঁদ সুলতানা হল (ছাত্রীদের জন্য)।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট বরিশাল ক্যাম্পাসে এবং ১২ ডিসেম্বর মূল ক্যাম্পাসে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙচুর করেন কিছু শিক্ষার্থী। ওই ঘটনার পর থেকেই হলগুলোর নামকরণে ‘রাজনৈতিক প্রভাব’ রয়েছে অভিযোগ তুলে নাম পরিবর্তনের দাবি জানান ছাত্ররা। তবে ওই সময় ফজিলাতুন্নেছা হলের নামফলক ভাঙার সময় কিছু আবাসিক ছাত্রী বাধা দিয়েছিলেন এবং ভাঙচুরকারীরা সমালোচনার মুখে পড়েন।

পরে একাধিক দফা আলোচনা, একটি সুপারিশ কমিটি গঠন এবং রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই পরিবর্তন ছাত্র-ছাত্রীদের সমান অধিকারের দাবি এবং বৈষম্যবিরোধী চেতনার প্রতিফলন হিসেবে দেখা উচিত।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।