পরকীয়ায় জড়িয়ে পদ হারালেন চান্দগাঁও থানা জামায়াত সভাপতি

এক প্রবাসী ব্যক্তির ডিভোর্সি স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা জামায়াতের সভাপতি মো. ইসমাঈলকে তাঁর দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করে অধ্যাপক জসিম উদ্দিনকে চান্দগাঁও থানা জামায়াতের সভাপতির নতুন দায়িত্ব সোপর্দ করেছে সংগঠনটি।
চট্টগ্রাম নগর জামায়াতের আমির নজরুল ইসলাম এক সভায় মো. ইসমাঈলকে পদ থেকে সরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন, যা পরবর্তীতে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। দলীয় পদ পরিবর্তনের খবরের সত্যতা নিশ্চিত করে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জানান, মো. ইসমাঈলকে সরিয়ে অধ্যাপক জসিম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এর পেছনের বিস্তারিত কারণ তিনি জানাতে রাজি হননি।
ঘটনার অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালে এক ডাক্তারের সহকারী হিসেবে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় হাসপাতালে (আইএমসিএইচ) চাকরি নেন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের এক নারী। তৎকালীন চান্দগাঁও থানা জামায়াতের সভাপতি মো. ইসমাঈলের সুপারিশ ও প্রভাবেই তিনি ওই চাকরি পান বলে জানা যায়। পরবর্তীতে কর্মস্থলে অত্যন্ত দ্রুত গতিতে ওই নারীর পদোন্নতি ঘটে।
এদিকে ওই নারীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, চাকরি পাওয়ার পর থেকেই জামায়াত নেতা ইসমাঈলের সঙ্গে ওই নারী বিয়েবহির্ভূত অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বিষয়টি প্রবাসে থাকা স্ত্রীর স্বামীর পরিবার জানতে পারে এবং প্রমান হাতে পায়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ওই প্রবাসে থাকা ব্যক্তি তাঁর স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক বা ডিভোর্স দেন।
বিষয়টি নিয়ে রাজনৈতিক ও স্থানীয় পর্যায়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। চট্টগ্রাম মহানগর কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ খায়রুল বাশারের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান শেষে গত সোমবার তাদের লিখিত তদন্ত প্রতিবেদন নগর জামায়াতের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দেয়। প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বুধবার ইসমাঈলকে অপসারণ করে জসিম উদ্দিনকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি স্বীকার করে অধ্যাপক জসিম উদ্দিন বলেন, বুধবার তাঁকে চান্দগাঁও থানার জামায়াতের দায়িত্ব সামলানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে মো. ইসমাঈলকে কী কারণে সরানো হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর জানা নেই বলে তিনি জানান। অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত সাবেক জামায়াত নেতা মো. ইসমাঈলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।