পাকিস্তানেও ‘৫ আগস্ট সরকার পতনের’ পরিকল্পনা পিটিআইয়ের?

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে দেশব্যাপী এক ‘চূড়ান্ত’ বিক্ষোভ কর্মসূচি হাতে নিতে যাচ্ছে। দলের নেতারা এই আন্দোলনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই লাহোরে একত্রিত হয়েছেন। এই আন্দোলন ইমরান খানকে কারামুক্ত করার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে।

প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দী রয়েছেন পিটিআই’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার মুক্তির দাবিতে পিটিআই বেশ কয়েকবার আন্দোলন করলেও এর মধ্যে তেমন কোনো ফলপ্রসূ পরিবর্তন হয়নি। তবে এবারের আন্দোলনকে ‘চূড়ান্ত’ হিসেবে উল্লেখ করেছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর।

গেল জুন মাসে তিনি ঘোষণা করেছিলেন, ঈদুল আজহার পরেই তারা গর্জে উঠবেন এবং ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হবে। তারই ধারাবাহিকতায়, কারাবন্দি ইমরান খানের নির্দেশে পিটিআই সরকারবিরোধী আন্দোলন শুরু করতে যাচ্ছে। দলের নেতারা ইতোমধ্যেই লাহোরে সমবেত হয়েছেন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু হয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ জুলাই) মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুরের নেতৃত্বে একটি বহর লাহোরে পৌঁছানোর মাধ্যমে আন্দোলনের সূচনা হয়েছে। এসময় তিনি বলেন, ‘আমাদের ভাবতে হবে ৫ আগস্টের মধ্যে কীভাবে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যায়। কারণ, ওই দিন ইমরান খানের কারাবন্দি জীবনের দুই বছর পূর্ণ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইমরান খান কোনো অপরাধ ছাড়াই কারাগারে। এখন আমাদের একসাথে মিলে চিন্তাভাবনা করে আন্দোলন আরও বেগবান করতে হবে। প্রতিটি প্রদেশকে নিজেদের স্থানীয় পরিস্থিতি অনুযায়ী আন্দোলনের পরিকল্পনা নিতে হবে এবং আগস্ট ৫-এর মধ্যে তা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে।’

দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, ইমরান খানের নির্দেশে পিটিআই দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলন তীব্রতর করার উদ্যোগ নিয়েছে। পিটিআই মুখপাত্র জানিয়েছেন, প্রথম পর্যায়ে প্রদেশ ও জেলা পর্যায়ে আন্দোলন হবে, এবং তারপর ধাপে ধাপে তা দেশজুড়ে ছড়িয়ে পড়বে। আন্দোলনের রুট এবং অবস্থান সম্পর্কে পরে বিস্তারিত ঘোষণা করা হবে।

ডনের প্রতিবেদনে বলা হয়, পিটিআইয়ের পাঞ্জাব শাখা ইতোমধ্যেই পুরো প্রদেশজুড়ে নেতাকর্মীদের সক্রিয় করেছে। আলিয়া হামজা মালিকের নেতৃত্বে দলের মধ্যে দায়িত্ব বণ্টনও সম্পন্ন করা হয়েছে, যাতে আন্দোলনটি ৫ আগস্টে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

 

 

সূত্র: জিও নিউজ, ডন

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।