প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা, ৮ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আটজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) বনানী থানায় মামলাটি দায়ের করেন নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।

এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তবে সন্দেহভাজনদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

নিহত জাহিদুল (২৪) বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।

মামলায় আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের একটি খাবারের দোকানে নাস্তা করার সময় তার উপর হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, একদল শিক্ষার্থী হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে জাহিদুলের ওপর ঝাঁপিয়ে পড়ে।

প্রাইম এশিয়ার শিক্ষার্থী আল মামুন অপু বলেন, ‘সকাল ১০টার দিকে জাহিদুল ও কয়েকজন ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। তখন আরেক দল এসে অভিযোগ তোলে যে তারা নাকি নারী শিক্ষার্থীদের দেখে হাসাহাসি করছিল। এনিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক হয়, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে বিষয়টি মিটমাট করে দেয়। কিন্তু কয়েক ঘণ্টা পরেই জাহিদুলকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়।’

জাহিদুলের চাচাতো ভাই হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘আমার ভাই খুবই শান্ত প্রকৃতির ছিল। সে কারও সঙ্গে বিবাদে জড়াত না। আমরা বুঝতেই পারছি না কেন তাকে হত্যা করা হলো। আমরা এর ন্যায়বিচার চাই।’

এদিকে, ছাত্রদল এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, জাহিদুল তাদের সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। সংগঠনটি এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।