প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তানিয়া বৃষ্টি। আকরাম খানের ‘ঘাসফুল’ দিয়ে ২০১৫ সালে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর। এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও রুপালি পর্দায় তেমন সাফল্য পাননি তিনি। পরবর্তীতে নিয়মিত হন ছোট পর্দায়। তানিয়া অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পায় ২০১৯ সালে, যদিও এর শুটিং হয়েছিল আরও দুই-তিন বছর আগে। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। এবার তাকে দেখা যাবে রায়হান খানের পরিচালনায় নির্মিত নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’-এ।

বেশ কিছুদিন ধরেই ভক্তদের প্রশ্ন ছিল— আবার কবে সিনেমায় দেখা যাবে তানিয়া বৃষ্টিকে? প্রতিবারই তিনি জানিয়েছেন, নাটকের ব্যস্ততার কারণে আপাতত সিনেমা নিয়ে ভাবছেন না, তবে ভালো গল্প ও চরিত্র পেলে ফিরতে চান বড় পর্দায়। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। প্রায় এক দশকের বিরতির পর আবারও সিনেমার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তানিয়া বৃষ্টি।

কোর্টরুম ড্রামা ও ক্রাইম থ্রিলারের মিশেলে তৈরি হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। তানিয়া বৃষ্টি ছাড়াও এতে অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান ও মিলন ভট্টাচার্যসহ আরও অনেকে।

চলতি মাসের শুরুতে চট্টগ্রামে শুরু হয়েছে সিনেমাটির শুটিং, যা চলবে আরও কিছুদিন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের একটি ছবি শেয়ার করে নতুন সিনেমার খবর জানিয়েছেন নির্মাতা রায়হান খান। ছবিটিতে দেখা যায়, একটি টানেলে দাঁড়িয়ে গভীর আলোচনায় মগ্ন আদর আজাদ ও মিলন ভট্টাচার্য। আদরের ঠোঁটে সিগারেট, চেহারায় চিন্তার ছাপ। তার কাঁধে হাত রেখে যেন কিছু বোঝাতে চাইছেন মিলন।

ছবির ক্যাপশনে রায়হান খান লেখেন, ‘এটা কোনো পোস্টার নয়, কিন্তু কিছু একটা হচ্ছে। একটি টানেলের আবছা নীরবতায় দুই ব্যক্তি কথা বলছেন, যে আলাপ তাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। যেখানে আদালত নেই, হাতুড়ি নেই, তবু সত্য বিচারাধীন।’

জানা গেছে, ‘ট্রাইব্যুনাল’ নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে। গল্পে উঠে আসবে ন্যায়বিচার, নৈতিকতা ও প্রতিটি রায়ের পেছনে লুকিয়ে থাকা রাজনীতির প্রশ্ন।

তানিয়া বৃষ্টির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। জানা গেছে, সিনেমায় অভিনয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার আগে এ নিয়ে কথা বলতে চান না তিনি।

নির্মাতা রায়হান খান জানিয়েছেন, এ বছরের মধ্যেই সিনেমার কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। আগামী বছরের শুরুতে ‘ট্রাইব্যুনাল’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।