ফ্যাশনের নতুন ট্রেন্ড দাড়ি, সৌন্দর্য বাড়াতে যেভাবে যত্ন নেবেন

কয়েক বছর আগেও পুরুষদের মুখের ফ্যাশনে ক্লিন শেভ ছিল প্রধান ধারা, যা স্মার্টনেসের প্রতীক হিসেবে বিবেচিত হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ধারা বদলেছে। এখন দাড়ি হয়ে উঠেছে নতুন ফ্যাশন ট্রেন্ড। হলিউড-বলিউড তারকা, ক্রিকেটার এবং ফুটবল খেলোয়াড়দের অনেকেই এখন দাড়িকে ব্যক্তিত্ব ও স্টাইলের প্রতীক হিসেবে তুলে ধরছেন। লিওনেল মেসি এবং বিরাট কোহলির দাড়ি তাদের স্বতন্ত্র স্টাইলের পরিচয় হিসেবে পরিচিত।

বর্তমানে অনেক পুরুষই দাড়ি রাখছেন, যা ফ্যাশনের এক নতুন দিক। এই ধারার পেছনে একটি বিশেষ দিনও রয়েছে—আজ (৬ সেপ্টেম্বর) বিশ্ব দাড়ি দিবস। ২০১০ সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম শনিবার এই দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়।

দাড়ি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি একজন পুরুষের ব্যক্তিত্ব ও রুচিও ফুটিয়ে তোলে। দাড়ির স্টাইল ও কাট পরিবেশ, পেশা এবং ব্যক্তিত্ব অনুযায়ী আলাদা হতে পারে। স্টাবল কাট, ট্রিমড কাট, করপোরেট বিয়ার্ড বা লুম্বারজ্যাক বিয়ার্ড বর্তমানে বেশ জনপ্রিয়। তবে দাড়ি রাখার পাশাপাশি এর সঠিক যত্ন নেওয়াও জরুরি, অন্যথায় ত্বকের সমস্যা এবং জট দেখা দিতে পারে।

দাড়ির যত্নের সহজ উপায়:

১. নিয়মিত পরিষ্কার করুন: দাড়ি নিয়মিত পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ। সপ্তাহে ২-৩ বার দাড়ি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। কন্ডিশনার ব্যবহার করলে দাড়ি আরও নরম ও স্বাস্থ্যসম্মত থাকবে। স্যালিসাইলিক ও ল্যাকটিক অ্যাসিডযুক্ত প্রাকৃতিক ক্লিনজারও ব্যবহার করা যেতে পারে।

২. ময়েশ্চারাইজ করুন: দাড়িতে তেল ব্যবহার করলে তা ময়েশ্চারাইজড থাকে। বাজারে অনেক ধরনের বিয়ার্ড অয়েল ও ক্রিম পাওয়া যায়। ঘরেও তৈরি করে নেওয়া যায়: ২ টেবিল চামচ অলিভ অয়েল, ২ টেবিল চামচ নারিকেল তেল এবং ২ টেবিল চামচ আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে দাড়িতে লাগালে তা নরম, সুগন্ধি ও পুষ্টিকর হবে এবং ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করবে।

৩. ঘরোয়া মাস্ক ব্যবহার: দাড়ির স্বাস্থ্য ও নরমতা বজায় রাখতে ঘরোয়া মাস্ক ব্যবহার করতে পারেন। যেমন: ৪ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার বা লেবুর রস, ২ টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হবে এবং দাড়ি স্বাস্থ্যোজ্জ্বল থাকবে। এছাড়া অ্যালোভেরা জেলও ব্যবহার করা যায়।

৪. নিয়মিত আঁচড়ানো: দাড়ি আঁচড়ালে জট পড়ে না এবং শেপও ঠিক থাকে। ছোট চিরুনি ব্যবহার করাই ভালো।

দাড়ি রাখার উপকারিতা: দাড়ি শুধু স্টাইলই নয়, স্বাস্থ্যকরও। এটি মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রবেশে বাধা দেয়, ফলে গলার রোগের ঝুঁকি কমে। এছাড়া দাড়ি শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।