বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে চাকরির নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া বালুচড়া গ্রামের বাসিন্দা চাতাল ব্যবসায়ী আবদুল মান্নান বৃহস্পতিবার (১২ জুন) রাতে সারিয়াকান্দি থানা ও সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। একইসঙ্গে তিনি বুলবুলকে উকিল নোটিশও পাঠিয়েছেন।

অভিযোগে বলা হয়, বগুড়া জেলা পরিষদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে আবদুল মান্নান এনসিপি নেতা বুলবুলকে সাত লাখ টাকা দেন। চুক্তি ছিল, চাকরি না হলে সাত দিনের মধ্যে পুরো টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময়ে চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে বুলবুল সাত লাখ টাকার একটি চেক দেন, যা ব্যাংকে জমা দিলে বাউন্স করে। এরপর মান্নান আদালতে মামলা করেন।

অভিযোগকারী দাবি করেছেন, উকিল নোটিশ পাঠানোর পর থেকে তিনি বিভিন্নভাবে হুমকি ও চাপের মুখে রয়েছেন। মামলা তুলে নিতে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে এনসিপি নেতা সাইফুল ইসলাম বুলবুল অভিযোগ অস্বীকার করে বলেন, “আবদুল মান্নানের সঙ্গে আমার শুধুমাত্র ব্যবসায়িক লেনদেন ছিল। চাকরির বিষয়ে কোনো লেনদেন হয়নি। একটি মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে।”

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ডা. আবদুল্লাহ আল সানী বলেন, “আমাদের দলে অনিয়মকারীর কোনো জায়গা নেই। বুলবুলকে মৌখিকভাবে শোকজ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ মিথ্যা হলে অভিযোগকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।