বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের পোশাক নিয়ে নির্দেশনা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ৫৪ নাগরিকের

বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের জন্য নির্ধারিত পোশাক সংক্রান্ত নির্দেশনাকে ‘ক্ষমতার অপব্যবহারের একটি দৃষ্টান্তমূলক উদাহরণ’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ৫৪ জন বিশিষ্ট নাগরিক। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, নারীদের পোশাকের ওপর এ ধরনের অযাচিত হস্তক্ষেপ শুধু মৌলিক অধিকার ও সংবিধান লঙ্ঘনের শামিল নয়, বরং এটি একটি জাতীয় প্রতিষ্ঠানের সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক রুচির পক্ষেও লজ্জাজনক।

শুক্রবার (২৫ জুলাই) দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘২১ জুলাই বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা দিয়ে নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না এবং নির্দিষ্ট রঙের স্কার্ফ বা হিজাব পরিধানের নির্দেশ দেয়। এতে ব্যত্যয় ঘটলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। যদিও পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নির্দেশনাটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, সেজন্য আমরা গভর্নরকে ধন্যবাদ জানাই।’

বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, ‘এই নির্দেশনা প্রত্যাহার করলেও এর পেছনে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের সঠিকভাবে চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কারণ, এ ধরনের অযৌক্তিক এবং অবমাননাকর সিদ্ধান্ত একটি জাতীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জনগণের প্রতি জবাবদিহি রয়েছে।’

যাঁরা যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুলতানা কামাল, নির্বাহী পরিচালক শাহীন আনাম, মানবাধিকারকর্মী নুর খান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি জেড আই খান, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরিন, ঢাকা শিশু হাসপাতালের সাবেক প্রধান অধ্যাপক ডা. নায়লা জামান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, আদিবাসী মানবাধিকারকর্মী রানী য়েন য়েন, বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট তাসলিমা ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সংগীতশিল্পী কৃঞ্চকলি ইসলাম, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমাসহ আরও অনেকে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।