বাগেরহাটে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

বাগেরহাটে সিম বিক্রয়কর্মী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ওই নারী বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সিঅ্যান্ডবি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের করোরী গ্রামের সজীব দাশ (১৯), লিখন দাস (২০) ও শেখ নজরুল ইসলাম (৪০)। ২১ বছর বয়সী ওই নারীর বাড়ি বাগেরহাট পৌর শহর এলাকায়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী একটি মুঠোফোন অপারেটরের সিম বিক্রি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তি সিম কেনার কথা বলে ওই নারীকে সিঅ্যান্ডবি বাজারে যেতে বলেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি সিঅ্যান্ডবি বাজারে যান। তবে বাজারে সিম কেনার জন্য কেউ না যাওয়ায় তিনি রাত ৮টার দিকে বাড়ির উদ্দেশে রওনা করেন। এ সময় সিঅ্যান্ডবি বাজার পার হয়ে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাকা ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে এক ছেলে তার মুখ চেপে সেতুর নিচে নিয়ে যান। ভয়ভীতি দেখিয়ে তিনজন মিলে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন। পরে অভিযোগ পেয়ে ওই নারীর তথ্যমতে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ওই নারীর শনাক্ত করা তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী নারী পুলিশ হেফাজতে রয়েছেন। এর সঙ্গে অন্য আরও কেউ জড়িত আছেন কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।