বিএনপির পার্টি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি দোকানের বকেয়া ভাড়া চাওয়াকে কেন্দ্র করে মো. জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামে এক দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর ভূঁইয়া মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা ও মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে।

নিহতের পরিবারের দাবি, বিএনপির পার্টি অফিস হিসেবে ব্যবহৃত দোকানটির বকেয়া ভাড়া চাইতে গেলে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ আরও অন্তত ১২ জন জাহাঙ্গীরকে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর করেন, যা তার মৃত্যুর কারণ হয়।

নিহতের ছেলে রাসেল জানান, ‘সকাল ৯টার দিকে আমার বাবা বকেয়া ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার (৭০), তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০), বেণু হাজীর ছেলে আলম (৪৫) ও সাদ্দামসহ ছয়-সাতজন মিলে তাকে ধরে পার্টি অফিসে নিয়ে যান এবং সেখানেই মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে জাহাঙ্গীর ভূঁইয়ার দোকানটি বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন তোতা মেম্বার। এটি বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের অফিস হিসেবে পরিচিত।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইলে তোতা মেম্বার উত্তেজিত হয়ে বলেন, ‘বিএনপির অফিসের কীসের ভাড়া?’ কথাকাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীর তাকে ধাক্কা দিলে উপস্থিত অন্যরা তাকে ধরে পার্টি অফিসে নিয়ে যান এবং সেখানেই মারধর করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘একটি দোকানের ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

 

খবরওয়ালা/এসআই

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।