বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা বুলবুলের

মাস তিনেক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। তখন লম্বা সময় বোর্ডে থাকার পরিকল্পনা ছিল না তার। তবে এবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় বুলবুল স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন। এই সময়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবিতে নির্বাচন করার কথা জানান তিনি।

বুলবুল বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। আমরা একটা সঠিক নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব।’

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা হয়। পরে জানানো হয়, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবির নির্বাচন।

বিসিবির সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। সর্বশেষ বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ জন পরিচালক। এরপর এই ২৫ জন পরিচালক ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।