আজ ১৫ জুলাই, প্রখ্যাত অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদের জন্মদিন। ১৯৫৩ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন।
মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই তাঁর অভিনয়ের ছাপ অসাধারণ। চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়শিল্পে সক্রিয় এই গুণী শিল্পী দর্শকদের উপহার দিয়েছেন বহু স্মরণীয় চরিত্র।
বিশ্বব্যাপী প্রশংসিত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র পদ্মা নদীর মাঝি–তে তাঁর অভিনয় তাঁকে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি এনে দেয়।
রাইসুল ইসলাম আসাদ অভিনয়ের স্বীকৃতি হিসেবে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে তাঁর কৃতিত্ব শুধু পর্দায় সীমাবদ্ধ নয়; ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তিনি, দেশমাতৃকার টানে অস্ত্র তুলে নিয়েছিলেন হাতে।
একাধারে অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাইসুল ইসলাম আসাদ আজও প্রেরণার প্রতীক হয়ে আছেন তরুণ প্রজন্মের কাছে। তাঁর জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন সহশিল্পী, ভক্ত ও সংস্কৃতি অঙ্গনের মানুষজন।
খবরওয়ালা/এমএজেড



