ভারতীয় স্কুলের পাঠ্যসূচিতে থাকছে ‘অপারেশন সিঁদুর’

ভারতের জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র (এনসিইআরটি) দেশটির বিভিন্ন স্কুলে পড়ানোর জন্য ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দুটি বিশেষ মডিউল তৈরি করেছে। একটি তৃতীয় থেকে অষ্টম শ্রেণির জন্য এবং অন্যটি নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য। এই মডিউলগুলো ইংরেজি ও হিন্দিতে অতিরিক্ত রিসোর্স হিসেবে ব্যবহৃত হবে। এতে শিক্ষার্থীদের পোস্টার, আলোচনা এবং বিতর্কের মাধ্যমে বিষয়টি শেখানো হবে।

দুটি মডিউলই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং উক্তি দিয়ে শুরু হয়েছে। তৃতীয় থেকে অষ্টম শ্রেণির মডিউলে মোদীর উক্তি হলো, ‘অপারেশন সিঁদুর কোনো সামান্য সেনা অভিযান নয়। এটা ভারতের নীতি, অভিপ্রায় ও নির্ণায়ক ক্ষমতার ত্রিবেণী।’ নবম থেকে দ্বাদশ শ্রেণির মডিউলে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর নিছক একটা নাম নয়, এটা দেশের লক্ষ লক্ষ মানুষের অনুভূতির প্রতিফলন।’

মডিউলে যা আছে: দুটি মডিউলেই শিক্ষক-শিক্ষার্থীর কথোপকথনের মাধ্যমে উরি, পুলওয়ামা এবং বালাকোট আক্রমণের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ভারত কীভাবে রাফায়েল, মিরাজ, ব্রহ্মোস ও আকাশের মতো আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে নিখুঁত নিশানা করে আক্রমণ চালিয়েছে। মডিউলগুলোতে আরও দাবি করা হয়েছে যে, এই অভিযানে পাকিস্তানের ৩৫ থেকে ৪০ জন সেনা মারা গেছে এবং পাকিস্তানের আইএসআই ও লস্কর-ই-তৈয়বা এই হামলার চক্রান্ত করেছিল।

এই উদ্যোগের সমালোচনা করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার বলেন, এটি একটি অপরিনামদর্শী সিদ্ধান্ত। তিনি মনে করেন, এটি শিক্ষার্থীদের মনে অন্য দেশের প্রতি স্থায়ী বিদ্বেষ তৈরি করতে পারে। একইভাবে অবসরপ্রাপ্ত শিক্ষক দেবাশীষ ভৌমিক এবং সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্তও প্রশ্ন তুলেছেন যে, পাঠ্যবই বা মডিউলে এমন রাজনৈতিক ও বিতর্কিত বিষয় অন্তর্ভুক্ত করা উচিত কি না। তারা মনে করেন, এতে রাজনীতি এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ঢোকার সুযোগ থাকে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।