খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 21শে শ্রাবণ ১৪৩২ | ৫ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
ভারতে পাচারের উদ্দেশ্যে ফেনীতে আনা দুই রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় মো. আবদুল মান্নান (৩৪) নামের এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) রাতে ফেনী পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রবিবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গা দুইজন হলেন- কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের মোহাম্মদ আরাফাত (২৫) ও মোসাম্মদ রমিদা (২৬)। তাদের আশ্রয় শিবিরে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে গ্রেপ্তার দালাল মো. আবদুল মান্নান (৩৪) ফেনীর পরশুরাম উপজেলার কালিনগর এলাকার নতুন বাড়ির শফিকুর রহমানের ছেলে।
জানা গেছে, কক্সবাজারের আশ্রয়শিবির থেকে তাদের ভারতে পাঠানোর কথা বলে নিয়ে আসে দালালরা। রোহিঙ্গাদের সীমান্তবর্তী ফেনীর পরশুরামে রাখা হয় একদিন। তবে পাচার করতে না পারায় আবার নিয়ে আসা হয় ফেনী শহরে। সেখানেই ধরা পড়েন দুই রোহিঙ্গা ও স্থানীয় মানবপাচারকারী।
পুলিশ জানায়, স্থানীয় দালাল মান্নানের কাছ থেকে তিনটি বাংলাদেশি পাসপোর্ট, ১৭টি এনআইডি ও বেশ কিছু জন্ম নিবন্ধন সনদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আবদুল মান্নানসহ তিনজনের নাম উল্লেখ করে মানবপাচার প্রতিরোধ, পাসপোর্ট ও স্ট্যাম্প জালিয়াতি আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় মো. আবদুল মান্নানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
ফেনী পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানান, কক্সবাজারের আশ্রয় শিবির থেকে তাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার কথা বলে এবং বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ক্যাম্প থেকে ফেনীতে আনেন মান্নান ও তার সহযোগীরা। পরে ভারতে পাচারের জন্য সীমান্তবর্তী পরশুরামে রেখে আসা হয়। সেখান থেকে আবার ফেনীতে আনা হয় তাদের।
খবরওয়ালা/এমইউ