ভূমিকম্পের পর জবিতে ক্লাস–পরীক্ষা বন্ধ, ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ

রাজধানী ঢাকা ও সারা দেশে একাধিক ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চার দিনের জন্য ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই কারণে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের আগামীকাল সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে। আজ রবিবার প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে ক্লাস ও পরীক্ষা বন্ধের বিষয়টি জানানো হয়েছে।

এদিকে ভূমিকম্প–পরবর্তী পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ও ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের আজ বিকেল পাঁচটার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্প–উত্তর পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ২৪ নভেম্বর ২০২৫ থেকে ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ৩০ নভেম্বর ২০২৫ থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শুধু অনলাইনে ক্লাস চলবে এবং পরীক্ষা স্থগিত থাকবে। তবে যেসব বিভাগে মৌখিক পরীক্ষা চলমান রয়েছে, সেগুলো শিক্ষার্থীদের লিখিত সম্মতি সাপেক্ষে গ্রহণ করা যাবে। এ সময় কেন্দ্রীয় গ্রন্থাগার ও উন্মুক্ত পাঠাগারও বন্ধ থাকবে।

 

prothomalo bangla%2F2025 11 23%2Fqk2rfll2%2F20 ভূমিকম্পের পর জবিতে ক্লাস–পরীক্ষা বন্ধ, ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ

 

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ২৪ নভেম্বর ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষার্থীদের ওই দিন সকাল ১০টার মধ্যে হল ছাড়তে হবে। ইতিমধ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটি বিশ্ববিদ্যালয়ের সব ভবন পরিদর্শন করে ঝুঁকি মূল্যায়ন করবে। কমিটির প্রতিবেদনসহ ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে পুনরায় সভা করে পরবর্তী সিদ্ধান্ত নির্ধারণ করা হবে। এ সময়ে অফিস কার্যক্রম যথারীতি চলবে।

উল্লেখ করা হয়েছে, চলমান জকসু কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত নেবে জকসু নির্বাচন কমিশন।

এর আগে আজ ভূমিকম্পের উদ্বেগ ও আতঙ্কের কারণে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় যে দিনের সব ক্লাস–পরীক্ষা স্থগিত থাকলেও অফিস কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে, তবে শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীদের বাস চলাচল করবে। জকসু নির্বাচনের কার্যক্রম আগের মতোই চলবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ নির্ধারিত সময়ে জানিয়ে দেবে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।