‘মব’ তৈরী করে দুই বিদেশি নাগরিককে মারধর, গ্রেপ্তার ২

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুই বিদেশি নাগরিককে মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) দুপুরে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন আবদুল্লাহ (২০) ও সাব্বির মিয়া (১৯)।

তিনি জানান, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে ডলার ভাঙানোকে কেন্দ্র করে দুই বিদেশি নাগরিকসহ তিনজন মারধরের শিকার হন। এদের মধ্যে দুজন ইরানের নাগরিক। পর তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরিদর্শক জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করা হয়েছে। মারধরে জড়িত অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। নেপথ্যের কারণ জানতে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) ভাটারা থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে যমুনা ফিউচার পার্কের পেছনে একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যান ওই দুই বিদেশি। তাদের সঙ্গে ছিলেন এক বাংলাদেশি ব্যক্তি, যিনি প্রায় দুই লাখ টাকা ওই দুই বিদেশি নাগরিককে দিচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়, কেন তিনি টাকা দিলেও কোনো বিনিময় পাচ্ছেন না। এ সময় আরেক ব্যক্তি ওই দুই বিদেশিকে ছিনতাইকারী সন্দেহে চিৎকার শুরু করেন। ওই দুই বিদেশি দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে মারধর করেন।

আহত দুজন ইরানের নাগরিক জানিয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, চিকিৎসা শেষে তাদের থানায় আনা হয়েছে। মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন মব তৈরি করে তাদের মারধর করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ব্যাংক থেকে বের হয়ে দুই বিদেশি নাগরিক যে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন সেটি রেন্ট-এ-কারের। সবকিছু যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।